আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরিতে (Pul-e-Khumri) প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস ও সুরক্ষার লক্ষ্যে ৬টি ছোট পানি নিয়ন্ত্রণ বাঁধ বা ড্যামের নির্মাণকাজ শুরু হয়েছে। প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। বাগলান দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিচালক মৌলভি হেদায়েতুল্লাহ হামদর্দ দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাখতার নিউজ এজেন্সিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এই ৬টি ছোট বাঁধ নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ আফগানি (আফগান মুদ্রা)। সম্পূর্ণ প্রকল্পটিতে আর্থিক ও কারিগরি অর্থায়ন করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘আগা খান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’। এই ড্যামগুলোর নির্মাণকাজ শেষ হলে বর্ষা মৌসুমে বাগলান অঞ্চলে সৃষ্ট আকস্মিক বন্যার তীব্রতা ও ক্ষয়ক্ষতি অনেক কমে আসবে। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নদী তীরবর্তী এবং পাহাড়ি ঢলের ঝুঁকিতে থাকা প্রায় ২ হাজার ৫০০ পরিবার বন্যা ও ভূমিধসের হাত থেকে রক্ষা পাবে।
প্রকল্পের কর্মকর্তারা আরও জানান, এই ড্যামগুলো কেবল মানুষের জীবনই বাঁচাবে না, বরং গ্রামীণ এলাকার বিপুল পরিমাণ কৃষিজমি, মানুষের বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি অবকাঠামোকে বন্যার কবল থেকে স্থায়ীভাবে রক্ষা করবে। বাগলানের দুর্যোগ ব্যবস্থাপনা পরিচালক মৌলভি হেদায়েতুল্লাহ হামদর্দ জোর দিয়ে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা বেড়েছে। তাই সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি প্রশমনে এই ধরনের প্রতিরোধমূলক প্রকল্প আগামী দিনগুলোতেও প্রদেশের অন্যান্য উপত্যকায় অব্যাহত রাখা হবে।
টিএইচএ/
