৩৬নিউজ ডেস্ক: কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ষোলশহর ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী প্রায় ৫০০ মিটার রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে এই রুটের সব ধরনের ট্রেন চলাচল। ক্ষতিগ্রস্ত এই গুরুত্বপূর্ণ রেলপথ সরজমিনে পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান প্রতিমন্ত্রী। এ সময় তিনি নিজেই হাঁটুসমান পানিতে নেমে রেললাইনের বর্তমান পরিস্থিতি ও ক্ষয়ক্ষতির তীব্রতা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। তারা রেল চলাচলের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, জলাবদ্ধতার মূল কারণ এবং পানি নেমে যাওয়ার পর দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার বিষয়ে সরেজমিনে আলোচনা করেন।
বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ জানায়, পাহাড়ি ঢল ও অবিরাম বর্ষণে রেললাইনের প্রায় ৫০০ মিটার অংশ স্থানভেদে দেড় থেকে দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে। তবে স্বস্তির বিষয় হলো জলমগ্ন হলেও রেললাইনের কোনো বড় ধরনের কাঠামোগত ক্ষতি হয়নি। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লাইন থেকে পানি নেমে পরিস্থিতি অনুকূলে এলে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে।
সাময়িক এই ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে, ট্রেন চলাচল বন্ধ থাকায় যেসব যাত্রী তাদের যাত্রা বাতিল করতে চান, তারা সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে প্রচলিত নিয়ম অনুযায়ী অগ্রিম কেনা টিকিটের শতভাগ মূল্য ফেরত নিতে পারবেন। পানি নিষ্কাশন ও লাইন সচল করতে কাজ চালিয়ে যাচ্ছেন রেলওয়ের প্রকৌশলীরা।
টিএইচএ/
