সায়েদাবাদে শৃঙ্খলা ফেরাতে এক সপ্তাহ সময় দিলেন প্রশাসক আবদুস সালাম

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম বলেছেন, রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন মালিক ও শ্রমিকদের এক সপ্তাহ সময় বেঁধে দিলাম। এই সময়ের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‎বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনকালে প্রশাসক এই ঘোষণা দেন।

‎ডিএসসিসি প্রশাসক বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালকে দখলমুক্ত করে আধুনিক, পরিচ্ছন্ন ও শৃঙ্খলাপূর্ণ টার্মিনালে রূপ দেওয়া হবে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে টার্মিনাল ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধ করা হয়েছে। এ সময়ের পর নিয়ম না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
banner

‎আবদুস সালাম বলেন, টার্মিনালে যান চলাচল আরও সুশৃঙ্খল করতে প্রবেশ ও প্রস্থানে দুটি করে চারটি নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী বাস কাউন্টারগুলো সায়েদাবাদ বাস টার্মিনালের ভেতরে স্থাপন করতে হবে।

‎প্রশাসক বলেন, টার্মিনাল কোনোভাবেই বাসের ডাম্পিং স্টোরে পরিণত হতে পারে না। শুধুমাত্র যাত্রী ওঠানামার বাসই টার্মিনালে অবস্থান করবে। এছাড়া অন্য কোনো বাস রাখা যাবে না। শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাসের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হবে।

‎আবদুস সালাম বলেন, টার্মিনালের ভেতরের অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করে পুরো এলাকাকে সুশৃঙ্খল করা হবে। টার্মিনাল পরিচ্ছন্ন না থাকলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

‎আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলেও জানান প্রশাসক। সায়েদাবাদ বাস টার্মিনালকে একটি পরিচ্ছন্ন ও কার্যকর যাত্রীসেবার কেন্দ্রে পরিণত করা হবে বলেও জানান তিনি। এসময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের টার্মিনালকে অবৈধ দখলমুক্ত, যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশনা দেন।

‎এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ৭ নম্বর ওয়ার্ডে মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

‎মানিকনগর বিশ্বরোড হতে মানিকনগর পুকুরপাড় পর্যন্ত সড়কের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222