৩৬নিউজ ডেস্ক: কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা বোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’ ১৪৪৮ হিজরি/২০২৭ সনের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার অনলাইন নিবন্ধনে যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। প্রথমবারের মতো কওমি অঙ্গনে সকল ছাত্রী পরীক্ষার্থীর নিবন্ধনের ক্ষেত্রে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। একই সাথে দেশের সকল মহিলা কওমি মাদরাসাকে দ্রুত নির্দিষ্ট মডেলের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সংগ্রহের নির্দেশনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) আল-হাইআতুল উলয়া কার্যালয় থেকে জারি করা এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। এর আগে গত ৪ জুলাই (২০২৬) অনুষ্ঠিত হাইআতের স্থায়ী কমিটির ৬৮তম নীতি-নির্ধারণী সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কওমি শিক্ষা বোর্ডের সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস পরীক্ষার সার্বিক নিবন্ধন কার্যক্রম ‘HEMS’ (হাইআতুল উলয়া এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেম) সফটওয়্যারের মাধ্যমে স্বকীয় উপায়ে সম্পন্ন হয়ে আসছে। নিরাপত্তা ও পর্দার বিধান রক্ষার্থে এতদিন ছাত্র পরীক্ষার্থীদের ছবি সংরক্ষণ করা হলেও ছাত্রী পরীক্ষার্থীদের কোনো ছবি ডাটাবেজে রাখা হতো না। ফলশ্রুতিতে পরীক্ষার্থী শনাক্তকরণের প্রক্রিয়াকে শতভাগ নির্ভুল, স্বচ্ছ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে ছবি না নিয়ে এবার থেকে ছাত্রীদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের এই ব্যতিক্রমী যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হলো।
এ লক্ষ্যে দেশের সকল মহিলা মাদরাসা কর্তৃপক্ষকে নিবন্ধনের পূর্বেই ‘ZKTeco SLK20R Biometric Fingerprint Scanner’ মডেলের ন্যূনতম একটি বায়োমেট্রিক ডিভাইস ক্রয়ের আহ্বান জানানো হয়েছে। সম্পূর্ণ ইউএসবি নির্ভর এই বায়োমেট্রিক স্ক্যানারটি সহজেই কম্পিউটারে যুক্ত করে HEMS সফটওয়্যারের সাথে কার্যকর করা যাবে। ডিভাইসটি দ্রুত ও নির্ভুলভাবে তথ্যাদি সংরক্ষণ করতে সক্ষম এবং এতে লাইভ ফিঙ্গারপ্রিন্ট ডিটেকশন সুবিধা রয়েছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ সফর ১৪৪৮ হিজরি (৪ আগস্ট ২০২৬) থেকে অনলাইনে ২০২৭ সালের দাওরায়ে হাদিস পরীক্ষার প্রাতিষ্ঠানিক নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
নিবন্ধন কার্যক্রম শুরুর আগেই সকল মহিলা মাদরাসাকে প্রয়োজনীয় প্রস্তুত সম্পন্ন করতে বলা হয়েছে। পরবর্তীতে বায়োমেট্রিক ডিভাইসের ব্যবহারবিধি ও প্রাসঙ্গিক কারিগরি তথ্য মাদরাসার অ্যাডমিন প্যানেলকে বিস্তারিত জানিয়ে দেবে আল-হাইআতুল উলয়া কর্তৃপক্ষ।
টিএইচএ/
