নিজস্ব প্রতিবেদক :: শায়খ আহমাদুল্লাহর সেই আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর প্রস্তুতি গ্রহণ করেছে। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষ অসহায় হয়ে পড়েছে। ইতোমধ্যে সংগঠনটির একটি ত্রাণ টিম চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছে। খুব শিগগিরই ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি ত্রাণ বিতরণ এবং বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (১০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, “অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ইতোমধ্যে আমাদের টিম চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। খুব শিগগিরই দুর্গতদের মাঝে জরুরি ত্রাণ এবং বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।”
তিনি মহান আল্লাহর কাছে দুর্গত মানুষের কষ্ট লাঘবের জন্য দোয়া করেন এবং সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি লিখেছেন, মহান আল্লাহ দুর্গতদের কষ্ট লাঘব করুন। এই দুর্যোগে আশপাশের মানুষদের এগিয়ে আসার এবং সর্বাত্মক সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
আস-সুন্নাহ ফাউন্ডেশন জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী দুর্গত এলাকায় জরুরি খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় সহায়তা এবং বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে।
এদিকে টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। এছাড়া চন্দনাইশ, লোহাগাড়া, বোয়ালখালী ও আনোয়ারা উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। বন্যার পানিতে বসতভিটা, সড়ক, ফসলি জমি, মাছের ঘের ও পুকুরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে হাজারো পরিবার মানবেতর জীবনযাপন করছে এবং বহু মৎস্যচাষী বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
