রাঙ্গামাটি প্রতিনিধি :: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় পানিতে তলিয়ে গেল তরুণ উদ্যোক্তার দেড় হাজার মুরগি। উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়ার সাদেক পোল্ট্রি ফার্মে স্থানীয় তরুণ উদ্যোক্তা সাদেকের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খামারের মালিক সাদেক জানান, শুক্রবার (১০ জুলাই) রাতে প্রবল বর্ষণের ফলে উপর থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে তার পোল্ট্রি খামারটি প্লাবিত হয়। এতে খামারে থাকা ১ কেজি ২০০ গ্রাম ওজনের প্রায় ১,৫০০ মুরগি পানিতে তলিয়ে যায়। রাত ১টার দিকে তিনি খামারে গিয়ে অনেক চেষ্টা করেও একটি মুরগিও বাঁচাতে পারেননি।
উদ্যোক্তা সাদেক আরও বলেন, আমি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে বেকারত্ব দূর করার লক্ষ্যে পোল্ট্রি ব্যবসা শুরু করেছিলাম। একদিকে ঘরে পানি ওঠায় পরিবার নিয়ে চরম দুর্ভোগে পড়েছি, অন্যদিকে খামারের সব মুরগি মারা যাওয়ায় আমি এখন নিঃস্ব। সরকারি সহযোগিতা ছাড়া আমার পক্ষে পুনরায় ঘুরে দাঁড়ানো কোনোভাবেই সম্ভব নয়।
এদিকে সাদেকের এই বিপর্যয়ের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি ফার্মটি পরিদর্শন করেছেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. আরেফিন। পরিদর্শনকালে তার সাথে স্থানীয় ইউপি সদস্য শিমুল দাশ উপস্থিত ছিলেন। তারা ক্ষতিগ্রস্ত খামারির খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
