আন্তর্জাতিক ডেস্ক: কৃষি ও পল্লী উন্নয়ন খাতে পারস্পরিক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে বৈঠক করেছে আফগানিস্তান ও ভারত। ভারত সফরে আফগানিস্তানের কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রী মৌলভী আতাউল্লাহ ওমারি ভারতের ন্যাশনাল ব্যাংক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD)-এর চেয়ারম্যান ড. শাজি কৃষ্ণান ভি-এর সাথে এই গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।
আফগানিস্তানের কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ কৃষি খাতের আধুনিকায়ন, পল্লী এলাকার সার্বিক উন্নয়ন এবং যৌথ প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আফগানিস্তান ও ভারতের কৃষি অর্থায়ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
বৈঠকে মূলত দুই দেশের প্রযুক্তিগত জ্ঞান বিনিময়, টেকসই কৃষি ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
আফগানিস্তানের কৃষি খাতে উন্নয়নমূলক বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি পেলে দেশটির গ্রামীণ অর্থনীতি আরও স্থিতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।
টিএইচএ/
