বিয়ের খাবারে খাসির বদলে মুরগি, বিহারে আহত ১২

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের ভোজে খাসির মাংস দেওয়ার কথা বলে শেষ মুহূর্তে মুরগির মাংস পরিবেশন করাকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন বরযাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৯ জুলাই) ভারতের বিহার রাজ্যের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর শহরে এই ঘটনাটি ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে মোহাম্মদ আনোয়ারের ছেলে আবদুল্লাহর সঙ্গে মোহাম্মদ জাভেদের মেয়ের বিয়ের মূল আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। বিয়ের কাজ শেষ হওয়ার পর বরযাত্রীরা সান্ধ্যভোজে বসলে এই হট্টগোলের সূত্রপাত ঘটে।

বরের স্বজনদের অভিযোগ, কনেপক্ষ থেকে পূর্বে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আপ্যায়নে খাসির মাংস পরিবেশন করা হবে। কিন্তু টেবিলে খাবার দেওয়ার পর বরযাত্রীরা দেখতে পান খাসির পরিবর্তে তাদের মুরগির মাংস দেওয়া হয়েছে। এ নিয়ে বরপক্ষের লোকজন অসন্তোষ প্রকাশ করলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। বরপক্ষের দাবি, কনেপক্ষের লোকেরা লাঠিসোটা নিয়ে হঠাৎ তাদের ওপর চড়াও হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার কিছু ভিডিওচিত্রে দেখা যায়, কয়েকজন লোক লাঠি হাতে অতিথিদের ওপর তাণ্ডব চালাচ্ছে। এমনকি একটি ভিডিওতে এক ব্যক্তিকে তলোয়ার হাতে অতিথিদের ধাওয়া করতে ও ভয় দেখাতে দেখা যায়।

সংঘাতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে সিমরি বখতিয়ারপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে আইনি ব্যবস্থা ও তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222