মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠি

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বখ্যাত হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স (ডেগচি) থেকে টাকা গণনার সময় প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা একটি আবেগঘন চিঠি পাওয়া গেছে। চিঠিতে দেশে চলমান হত্যা, ধর্ষণ, শিশু নির্যাতন ও মাদকের ছড়াছড়ির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং সব আলোচিত অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা শুরু করা হয়। সেই নগদ অর্থের স্তূপের মধ্যে পাওয়া যায় হাতে লেখা ওই বেনামী বার্তাটি।

বিজ্ঞাপন
banner

চিঠির শুরুতেই লেখক লিখেছেন, “এই চিঠি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছাবে কি না, তা আমি জানি না।” এরপর দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি উল্লেখ করেন, দেশের সাধারণ মানুষ কেবল একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ চায়। কিন্তু হত্যা, ধর্ষণের মতো অপরাধের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে।

চিঠিতে সাম্প্রতিক সময়ে আলোচিত রামিসা, আছিয়া ও হাদির মতো শিশুদের ওপর সংঘটিত অপরাধের বিচারে দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত তা কার্যকর করার বিনীত আহ্বান জানানো হয়। এ ছাড়া মাদকের করাল গ্রাস নিয়ে ক্ষোভ প্রকাশ করে চিঠির লেখক লিখেছেন, “বিশেষ করে মাদকের সঙ্গে যারা জড়িত, আমার মনে হয় তাদের হাত অনেক বড়। না হলে তারা থানা ম্যানেজ করে কীভাবে? আমার মনে হয়, গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষ মাদকাসক্ত।”

চিঠির শেষভাগে ‘বাংলাদেশকে ভালোবাসি’ বাক্যের নিচে মোহাম্মদ জুবায়ের আহমদ নামের একটি স্বাক্ষর রয়েছে। তবে চিঠির লেখক জুবায়ের আহমদের পরিচয়, কিংবা তিনি কখন ও কীভাবে দানবাক্সে এটি ফেলেছেন, সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা তদারকির দায়িত্বে থাকা কমিটিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222