ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ না গড়লে বাংলাদেশ স্বাধীন হতো না’: স্পিকার

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার বিরুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যদি সাহসী প্রতিরোধ যুদ্ধ শুরু না করত, তবে বাংলাদেশ স্বাধীন হতো না এবং এ দেশে এখনো পাকিস্তানই থাকত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ও বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। মুক্তিযুদ্ধকে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের যুদ্ধ নয়, বরং ‘বাঙালির অস্তিত্ব টিকিয়ে রাখার ও জনতার যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেন তিনি।

শনিবার (১১ জুলাই) মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে ‘মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

১৯৭০ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, সেটি ৬ দফার ভিত্তিতে হয়েছিল এবং তা মূলত পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য ও ‘প্যারিটি’র (সাম্যের) আন্দোলন ছিল। জনগণ সেই ক্ষোভ থেকেই আওয়ামী লীগকে বিজয়ী করেছিল। তবে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত ক্র্যাকডাউনের ঠিক আগে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও পরবর্তীতে দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমানকে অনুরোধ জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন। স্পিকার হাফিজ বলেন, “তাজউদ্দীন সাহেব স্বাধীনতার ঘোষণা দিতে বললে শেখ মুজিবুর রহমান পরিষ্কার জানিয়ে দেন— আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না, পাকিস্তান ভাঙায় আমার কোনো ভূমিকা থাকুক তা আমি চাই না।”

মেজর (অব.) হাফিজ বলেন, যখন দেশের অবদমিত ও দিশেহারা মানুষ প্রাণ বাঁচাতে পালাচ্ছিল, ঠিক সেই সংকটময় মুহূর্তে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পাঁচটি ব্যাটালিয়ন কোনো পূর্বপ্রস্তুতি বা পারস্পরিক যোগাযোগ ছাড়াই আলাদাভাবে বিদ্রোহ করে বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলে। পরবর্তীতে মেজর জিয়াউর রহমানের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা পুরো জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চরমভাবে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করে।

তিনি ক্ষোভ প্রকাশ করে অভিযোগ তোলেন, স্বাধীনতার পর একটি বিশেষ গোষ্ঠী ইতিহাস বিকৃত করে শুধু ৭ মার্চের ভাষণের ওপর ভিত্তি করে দেশ স্বাধীন হওয়ার দাবি করে বাকি রক্তক্ষয়ী যুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের রক্তদানকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। রাজনীতিকরা সাধারণত অন্যের কৃতিত্ব ‘হাইজ্যাক’ করেন মন্তব্য করে তিনি বলেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও আপামর জনতার বীরত্ব ছাড়া এই স্বাধীনতা সম্ভব হতো না।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222