বিরোধী দলের সংসদ সদস্যদের নিজ নিজ আসনে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করার প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদে তীব্র প্রতিবাদ ও প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন। ক্ষমতাসীন দলের প্রতি প্রশ্ন রেখে তিনি জানতে চান, বিরোধী দলের নির্বাচনী এলাকায় নিজেদের নারী এমপিদের দায়িত্ব অর্পণের মাধ্যমে বিএনপি কি নতুন কোনো একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়?
সোমবার জাতীয় সংসদ অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংসদীয় এই এখতিয়ার ও অতিরিক্ত দায়িত্ব নিয়ে সরাসরি আপত্তি জানান সংসদ সদস্য আখতার হোসেন।
এর আগে সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য জীবা আমিনা খান বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত এলাকা রংপুরের পীরগঞ্জ ও মিঠাপুকুর সফরের অভিজ্ঞতা তুলে ধরে একটি সম্পূরক প্রশ্ন উত্থাপন করেন। ওই বক্তব্যের পরেই পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টির এই সংসদ সদস্য বিষয়টি নিয়ে জোরালো প্রতিবাদ জানান এবং একদলীয় মানসিকতার অভিযোগ তোলেন।
সংসদ সদস্যের এই আপত্তির জবাবে সংসদে তাৎক্ষণিক ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য যারা রয়েছেন, তারা প্রত্যেকেই পূর্ণাঙ্গ সংসদ সদস্য। আইন অনুযায়ী তারা তাদের সরকারি বরাদ্দ বাংলাদেশের যেকোনো এলাকায় প্রদান করার এখতিয়ার রাখেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও স্পষ্ট করেন, কোনো সংরক্ষিত নারী আসনের সদস্য যদি সংসদে কথা বলার সময় নির্দিষ্ট এক বা একাধিক উপজেলাকে ‘আমার এলাকা’ বলে উল্লেখ করেন, তবে তিনি মূলত নিজেই নিজের ক্ষমতার পরিধিকে সীমাবদ্ধ করে ফেলেন। সংরক্ষিত নারী সংসদ সদস্যদের উচিত পুরো বাংলাদেশকেই নিজেদের এলাকা হিসেবে গণ্য করা। ফলে সুনির্দিষ্ট কোনো আঞ্চলিক ভৌগোলিক সীমানার ধারণা সংরক্ষিত নারী সদস্যদের ক্ষেত্রে মোটেও প্রযোজ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
টিএইচএ/
