চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী মিনিবাস উল্টে অন্তত ১৪ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পটিয়ার মনসা বাদামতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, মিনিবাসটি চট্টগ্রাম নগর থেকে পটিয়া বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা দেয়। দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মনসা বাদামতল এলাকায় বাসটি সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনায় আহত ১৪ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত কমিউনিটি মেডিক্যাল অফিসার মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, আহত ১৪ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত মিনিবাসটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
