রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী

by Masudul Kadir

রাজশাহী প্রতিনিধি :: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত ‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন ও নির্মাণকাজের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

শনিবার (১৮ জুলাই ২০২৬) বেলা ১১টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে অবস্থিত ‘নজরুল ভিলেজ’-এর ফলক উন্মোচন করেন তিনি। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীসমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন
banner

ফলক উন্মোচন শেষে মন্ত্রী বলেন, কবি কাজী নজরুল ইসলাম কেবল আমাদের গর্বই নন, তিনি মুসলিম রেনেসাঁর এক অনন্য রূপকার। রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ স্থাপনের ফলে নজরুল গবেষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং স্থানীয় সাংস্কৃতিক চর্চা আরও বেগবান হবে।

সেইসঙ্গে, ‘নজরুল ভিলেজ’ এর কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজশাহীতে নিয়ে এসে তা উদ্বোধন করানো আশ্বাসও দেন তিনি। এরপর, জাতীয় কবি নজরুলের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ শেষে তিনি ‘নজরুল ভিলেজ’ চত্বরে একটি কৃষ্ণচূড়া চারা রোপণ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটির জন্য প্রাথমিকভাবে বিভিন্ন উৎস থেকে ২৫ লাখ টাকার একটি তহবিল সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ‘নজরুল মঞ্চ’ নির্মাণের জন্য ১০ থেকে ১২ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রস্তাবিত স্থানে কোনো বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে না। এটি সর্বসাধারণের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে। যে-কোনো দল বা গোষ্ঠী যে-কোনো সময় এখানে এসে নজরুলের নাটক, পালাগান এবং সাহিত্যের বিভিন্ন শাখার চর্চা করতে পারবেন।

নজরুল চর্চাকে একটি কাঠামোর মধ্যে আনতে ইতোমধ্যে ‘নজরুল ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়েছে। এই ক্যালেন্ডার অনুযায়ী সারা বছর জুড়েই এখানে নিয়মিত নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। আগামী মাসের জন্য নির্ধারিত অনুষ্ঠানগুলো যাতে এই প্রাঙ্গণেই আয়োজন করা যায়, সে লক্ষ্যে আপাতত ‘নজরুল মঞ্চ’-এর কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা ও গান নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের কেন্দ্রবিন্দু হিসেবে ‘নজরুল ভিলেজ’ এ নির্মিত হচ্ছে ‘নজরুল মঞ্চ’ এবং ‘নজরুল কর্নার’।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222