৩৬নিউজ ডেস্ক: পদত্যাগের দুদিন পর অবশেষে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ত্যাগ করেছেন সদ্য বিদায়ী ও দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটে তিনি সপরিবারে বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে অবস্থিত তাঁর নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।
এর আগে, গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গুরুতর স্বাস্থ্যগত জটিলতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্র পাওয়ার পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় সংসদের স্পিকার। একই সাথে সাংবিধানিক বিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এর ফলে পাঁচ বছরের নির্ধারিত মেয়াদের প্রায় পৌনে দুই বছর আগেই অবসান ঘটলো তাঁর রাষ্ট্রপতি জীবনের।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে পাঁচ বছর মেয়াদের জন্য শপথ গ্রহণ করেছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন। তবে দায়িত্ব নেওয়ার প্রায় ১৬ মাসের মাথায় এক নজিরবিহীন রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখী হন তিনি। ছাত্র-জনতার প্রবল গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পাড়ি জমালে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও তাঁর পদত্যাগের দাবিতে বিভিন্ন ছাত্র-সংগঠন ও নাগরিক সমাজের রাজপথের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। অবশেষে পদে আসীন থাকার দীর্ঘ পথচলা শেষে শারীরিক অসুস্থতার কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দিয়ে বঙ্গভবন ছাড়লেন তিনি।
টিএইচএ/
