জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ১১ দলীয় ঐক্যের লং মার্চ শান্তিপূর্ণভাবেই পালন করা হবে। তবে সরকার এতে বাধা দেওয়ার চেষ্টা করলে ঘোষিত ছয় দফা দাবি এক দফায় রূপ নেবে।
তিনি বলেন, লং মার্চে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঐতিহাসিক শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু হওয়ার আগে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এই সকাল বেলা আমরা উপস্থিত হয়েছি ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক লং মার্চ, এই ঐতিহাসিক শাপলা চত্বর থেকে শুরু হতে যাচ্ছে। আমরা ঢাকাবাসী থেকে বিদায় নিতে এসেছি। এই ঐতিহাসিক লং মার্চের জন্য আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। আজকে যত বাধা বিপত্তি আসুক না কেন আমাদের এই লংমার্চ চট্টগ্রাম পৌঁছাবেই পৌঁছাবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট সারা বাংলাদেশের মানুষ লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সবাই ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগের উদ্দেশে লং মার্চের যাত্রা শুরু করেছি। নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে সেই স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্য। প্রবাসীনেটওয়ার্কে যোগদিন
তিনি আরও বলেন, আমাদের এই লংমার্চ, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা তেল গ্যাস বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে লংমার্চ। এই লং মার্চ যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে লং মার্চ।
জনগণের প্রতি লং মার্চে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা দলে দলে এই লং মার্চে অংশ নিন। এটি শুধু ১১টি দলের কর্মসূচি নয়; বরং বাংলাদেশের আপামর সাধারণ মানুষের অধিকার আদায়ের লং মার্চ।’
