স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ বহাল রাখা, প্রচারণায় মন্ত্রী-এমপিদের বিরত রাখাসহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি অভিযোগ করেন, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনে প্রশাসক নিয়োগের মাধ্যমে সরকার নির্বাচনের আগে নিজেদের মাঠ তৈরি করছে। তাই প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।
গোলাম পরওয়ার জানান, কয়েকটি দাবি নির্বাচন কমিশন (ইসি) এরই মধ্যে মেনে নিলেও কিছু দাবি মানেনি। তবে নির্বাচন বর্জনের মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে জানান তিনি। ইসির প্রতি দলের আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি দাবি করেন, সরকারি চাপ থাকার কারণে ইসির কিছু অসহায়ত্ব রয়েছে। জামায়াতের দাবি না মানলে নির্বাচন সুষ্ঠু হবে না বলেও উল্লেখ করেন তিনি।
১১ দলীয় ঐক্য শুধু জাতীয় নির্বাচনের জন্য হয়েছে উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, স্থানীয় সরকার নির্বাচনে জোটের শরিকদের সঙ্গে এ নিয়ে কোনো সংঘাত হবে না।
