ইসলামের নীতি-আদর্শে গুণান্বিত হলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা উড়বে: চরমোনাই পীর

by hsnalmahmud@gmail.com

ইসলামের নীতি ও আদর্শে নিজেদের গড়ে তুলতে পারলে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের পতাকা পতপত করে উড়বে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর শাহবাগের ঐতিহাসিক শহীদ ওসমান হাদী চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে ইসলামী আন্দোলন ও বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক ছাত্র-জনতা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেবল একটি ছাত্র সংগঠন নয়; এটি একটি আদর্শিক আন্দোলনের প্রশিক্ষণকেন্দ্র। আজ বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মকাণ্ডের কারণে দেশে অরাজকতা, সন্ত্রাস ও দখলদারিত্বের পরিবেশ তৈরি হয়েছে। এর বিপরীতে নীতি, নৈতিকতা ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করছে ইসলামী ছাত্র আন্দোলন। সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে এ সংগঠন থেকেই আগামী দিনের দেশ পরিচালনার নেতৃত্ব তৈরি হতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বর্তমান সরকারকে উদ্দেশ্য করে সতর্কবার্তা দেন। তিনি বলেন, ‘অনতিবিলম্বে গণভোটের প্রথা প্রতিষ্ঠা করুন এবং জুলাই সনদের অঙ্গীকার পূরণ করুন। জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে উপেক্ষা করলে দেশের মানুষ আপনাদের ক্ষমা করবে না।’

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে শিক্ষা, গবেষণা ও দেশপ্রেমের আদর্শে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিন আল মাদানী, আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব শেখ ফজলুল করিম মারুফ, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ এবং অন্যান্য শিক্ষক ও আইনজীবী প্রতিনিধিগণ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222