সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত ও এনসিপির ঘোষিত লংমার্চ আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, বিরোধী দলের সঙ্গে বিএনপি সরকার নাকি আওয়ামী লীগের চেয়েও খারাপ আচরণ করছে। জামায়াত নেতার এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে তিনি বলেন, আমি জামায়াত নেতার বক্তব্যের ধিক্কার জানাই।
তিনি আরও বলেন, জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা সংসদে সরকারদলীয় এমপিদের মতো সুযোগ-সুবিধা দাবি করছেন। কিন্তু তারা কোনো সুযোগ-সুবিধা চাইছে। তারা কি সুবিধা পাচ্ছে না? জামায়াত ১৭ বছর তাদের কার্যালয়ের তালা খুলতে পারেনি। তারা এখন আওয়ামী লীগকে সাথে নিয়ে সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। জনগণ জামায়াত-এনসিপির সেই স্বপ্ন পূরণ করতে দেবে না।
এর আগে বিকেলে রাশেদ খাঁনের সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
