বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) জাওয়াদ আজাউই এবং সিনিয়র পলিটিক্যাল অ্যাডভাইজার লুবাইন চৌধুরী মাসুম।
বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটে নেদারল্যান্ডসের অব্যাহত সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন বিরোধীদলীয় নেতা।
অন্যদিকে, জাতীয় সংসদে বিরোধী দলের গঠনমূলক ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন ডাচ রাষ্ট্রদূত।
তিনি বলেন, দেশের উন্নয়ন ও বিদেশি বিনিয়োগ নিশ্চিত করতে রাজনৈতিক স্থিতিশীলতার বিকল্প নেই, পাশাপাশি সরকার ও বিরোধী দলের নিয়মিত সংলাপের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। ভবিষ্যতে ঢাকা ও আমস্টারডামের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে তার বাসভবনে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত বিভিন্ন গ্রাফিতি ঘুরে দেখান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
