দরিদ্র পরিবারের সন্তানদের চরিত্র গঠনে ভূমিকা রাখছে কওমি মাদরাসা: অর্থমন্ত্রী

by hsnalmahmud@gmail.com

দেশে প্রায় ৮০ হাজার কওমি মাদরাসা জাকাতের অর্থ সংগ্রহ করে দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষা, নৈতিকতা ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

অর্থমন্ত্রী বলেন, দেশের মাদরাসা, মক্তব, এতিমখানা ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান জাকাত সংগ্রহের মাধ্যমে লাখ লাখ দরিদ্র শিক্ষার্থীর শিক্ষা ও পুনর্বাসনে কাজ করছে। বিশেষ করে প্রায় ৮০ হাজার কওমি মাদরাসা দরিদ্র পরিবারের সন্তানদের সাক্ষরতা, নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে চলেছে।

তিনি জানান, জাকাত সংগ্রহ ও হকদারদের মধ্যে বিতরণের জন্য ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ১৯৮২ সাল থেকে সরকারি জাকাত ফান্ড বিভাগ কাজ করছে। ২০২৩ সালে জাকাত আইনও প্রণীত হয়েছে।

আমির খসরু বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহে জাকাত ব্যবস্থার উন্নয়নে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি কাজ করছে। কমিটির সুপারিশ অনুযায়ী জাকাত বোর্ড গঠন, ব্যবস্থার আধুনিকীকরণ এবং দেশি-বিদেশি জাকাত সংগ্রহ সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি জাকাত ফান্ডে অর্থ দিলে ট্যাক্স রিটার্নে রশিদ যুক্ত করে কর রেয়াতের ব্যবস্থাও চালু রয়েছে বলে জানান তিনি। জাকাত ব্যবস্থাকে আরও আস্থাভাজন ও গতিশীল করতে সরকারি উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222