ইসলামী শরিয়াহর নির্ধারিত উত্তরাধিকার বিধান পরিবর্তন বা এর পরিপন্থী কোনো আইন প্রণয়নের উদ্যোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি, ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব ও মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
তিনি বলেন, উত্তরাধিকার বণ্টনের বিধান কোনো মানুষের তৈরি আইন নয়; পবিত্র কুরআন ও সুন্নাহর মাধ্যমে আল্লাহ তায়ালা তা সুস্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছেন। তাই মানবিক, সামাজিক বা আধুনিকতার অজুহাতে এই বিধানে পরিবর্তন আনার কোনো সুযোগ নেই।
ইসলামী বিধান অনুযায়ী, পুত্রসন্তান না থাকলে একজন কন্যা নির্ধারিতভাবে অর্ধেক এবং দুই বা ততোধিক কন্যা সম্মিলিতভাবে দুই-তৃতীয়াংশ সম্পদের অধিকারী হন। এরপর পরিস্থিতি অনুযায়ী অবশিষ্ট সম্পদ শরিয়াহর নির্ধারিত উত্তরাধিকারীদের মধ্যে বণ্টিত হয়।
আজ ৭ সেপ্টেম্বর-২৬ সোমবার জামি’আ ইসলমিয়া মারকাযুল উলূম খুলনার আঞ্জুমানে জমিয়তুত ত্বলাবা কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মুসলিম নাগরিকদের ধর্মীয় উত্তরাধিকার বিধানকে পাশ কাটিয়ে কোনো নতুন আইন বা নীতিমালা প্রণয়ন করা হলে তা দেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবে। তাই কুরআন-সুন্নাহর অকাট্য বিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন বা কার্যকর না করে আগে আলেম-ওলামা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করুন তারপর সিদ্ধান্ত নিন।
এছাড়াও তিনি বলেন, আল্লাহর নির্ধারিত বিধানের ওপর মানুষের তৈরি কোনো আইনকে প্রাধান্য দেওয়ার সুযোগ কারো নেই। সাবধান! কুরআন ও সুন্নাহর সুস্পষ্ট বিধান পরিবর্তন, পুনর্নিরীক্ষণ বা বাতিলের যেকোনো উদ্যোগের বিরুদ্ধে দেশের তাওহীদি জনতা শান্তিপূর্ণ প্রতিবাদ গড়ে তুলবে।
মুফতী জুনাইদ আহমাদের সভাপতিত্বে ও মুফতী আবদুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুফতী মানজুর আহমাদ, মুফতী জাকির হুসাইন, মুফতী মাসীহুর রহমান, মাওলানা এখলাসুর রহমান, মুফতী হুমায়ূন বিন আব্দুল লতীফ, মাওলানা ইকবাল হুসাইন, মুফতী আবদুল্লাহ, মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
