কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ১৩ বছর বয়সী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আসেন। এরপর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা।
বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘খুনিরে ফাঁসি দে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’সহ বিভিন্ন স্লোগান দেন।
