ক্ষমতাকে লুটপাটের মাধ্যম মনে করার কারণেই দেশজুড়ে সন্ত্রাস ও অরাজকতা ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, বর্তমান ক্ষমতাসীনরা ক্ষমতাকে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করার সুযোগ হিসেবে বিবেচনা করে। এ ধরনের নেতৃত্বের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকলে কোনো সমস্যারই সমাধান হবে না।
রবিবার (৪ অক্টোবর) কুমিল্লার লাকসামের আগমন ফুডপার্কে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় উপজেলা ও সিটি ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের আয়োজন করা হয়।
সরকারি দলের কঠোর সমালোচনা করে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘ক্ষমতাসীন দলের মধ্যে কোনো ধরনের সাংগঠনিক শৃঙ্খলা বা ব্যক্তিশুদ্ধির ব্যবস্থা নেই। এমন নিয়ন্ত্রণহীন গোষ্ঠী যখন ক্ষমতার আসনে বসে, তখন তাদের কাছ থেকে জনগণের কল্যাণ আশা করা যায় না। ফলে দেশ দিন দিন আরও খারাপ পরিস্থিতির দিকে যাচ্ছে।’
দেশের কর্মসংস্থান ও বিদ্যুৎ-জ্বালানি খাতের সংকট তুলে ধরে তিনি বলেন, কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি, উল্টো বেকারত্ব বেড়েছে। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বৈশ্বিক পরিস্থিতির পাশাপাশি সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনা সমভাবেই দায়ী।
আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠন ও গণমানুষের প্রত্যাশা পূরণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, লক্ষ্য অর্জনে তৃণমূলে সংগঠনের কাজের গতি বাড়াতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এবং কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ।
