সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

by hsnalmahmud@gmail.com

সবার জন্য মানসম্মত ও নিরাপদ বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে দেশের সব জেলায় মাস্টারপ্ল্যান তৈরির কাজ শুরু হয়েছে। একই সঙ্গে শহরকেন্দ্রিক মানুষের চাপ কমাতেও বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, জনবহুল বাংলাদেশের মানুষের জন্য মর্যাদাপূর্ণ জীবনযাপনে নিরাপদ বাসস্থান নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। তবে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, শহরাঞ্চলে স্বাভাবিক ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি মানুষ বসবাস করছে। তাই নিরাপদ আবাসন ও পরিকল্পিত নগর গড়ে তোলা জরুরি। টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে। সবার জন্য মৌলিক সেবা নিশ্চিত করা এবং সাংবিধানিক অধিকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য কোনো নির্দিষ্ট এলাকার উন্নয়ন নয়; বরং বিকেন্দ্রীকরণ ও আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে দেশের সব মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া।

প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতিতে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হলেও দ্রুততম সময়ে সবার জন্য বাসস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে। তবে সরকারের একার পক্ষে এ কাজ সম্পন্ন করা সম্ভব নয়। এ জন্য আবাসন খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।

তিনি জানান, ব্লকভিত্তিক আবাসন ব্যবস্থা গড়ে তোলা, খেলার মাঠ সংরক্ষণ এবং নির্ধারিত জোনে শিল্পাঞ্চল স্থাপনে উৎসাহ দেওয়া হচ্ছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে এবারের বিশ্ব বসতি দিবসের আলোচনা সভার প্রতিপাদ্য—‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222