এলপিজির দাম বৃদ্ধি প্রত্যাহার করতে হবে: বিকেএম মহাসচিব

by hsnalmahmud@gmail.com

বোতলজাত এলপিজির দাম একাধিক স্তরে সর্বনিম্ন ২৫২ টাকা থেকে সর্বোচ্চ ৯৪৩ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এই মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ।

সোমবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে এমনিতেই সাধারণ মানুষ চরম চাপের মধ্যে রয়েছে। এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় জ্বালানি এলপিজির দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হলে জনজীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি হবে। এর সরাসরি প্রভাব পড়বে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, বিভিন্ন আকারের বোতলজাত এলপিজির দাম ২৫২ টাকা থেকে ৯৪৩ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশেষ করে ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারে ৯৪৩ টাকা দাম বৃদ্ধি করা হয়েছে। এভাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম একসঙ্গে বাড়ানোর ফলে সাধারণ ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হবে।

মাওলানা জালালুদ্দীন আহমাদ বলেন, এলপিজি দেশের বিপুলসংখ্যক মানুষের নিত্যপ্রয়োজনীয় জ্বালানি। এর দাম বাড়লে রান্নার খরচের পাশাপাশি পরিবহনসহ বিভিন্ন খাতের ব্যয়ও বাড়তে পারে। ফলে এর প্রভাব সামগ্রিকভাবে বাজার ও মানুষের জীবনযাত্রার ওপর পড়বে।

তিনি বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়েও বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রয়েছে। শুধু মূল্য নির্ধারণ করলেই হবে না, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে বাজারে কার্যকর নজরদারি জোরদার করতে হবে এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি বিক্রির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, জনগণের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপিয়ে না দিয়ে সরকারকে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অবিলম্বে এলপিজির বর্ধিত মূল্য প্রত্যাহার করে পূর্বের নির্ধারিত মূল্য পুনর্বহাল করতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এলপিজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অতিরিক্ত মুনাফা ও নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রি বন্ধে কঠোর বাজার তদারকি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222