12
৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত আন্তর্জাতিক গ্যাস্ট্রোএন্টারোলজি সম্মেলন ‘World Congress of Gastroenterology (WCOG) 2026’-এ অংশগ্রহণের আমন্ত্রণে দিল্লি সফর করেন বিশিষ্ট মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডা. আওলাদ হোসেন। তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি ও তাঁদের সন্তানরা।
ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি বলেন, “WCOG 2026-এর প্রতিপাদ্য ‘Transforming Gastrointestinal Health, Preserving Nature’ অত্যন্ত সময়োপযোগী। মানুষের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের যে বার্তা সম্মেলনে তুলে ধরা হয়েছে, তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জনসচেতনতার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠুক—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি জানান, আন্তর্জাতিক এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পরিবেশ কাছ থেকে প্রত্যক্ষ করার সুযোগ হয়েছে।
চার দিনের সফরকালে তাঁরা দিল্লি ও আগ্রার বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন। এর মধ্যে ছিল কুতুব মিনার, রেড ফোর্ট, তাজমহল, আগ্রা ফোর্ট ও ঐতিহাসিক জামে মসজিদ। মুসলিম শাসনামলের ইতিহাস ও স্থাপত্যের স্মৃতিবিজড়িত এসব স্থাপনা ঘুরে দেখেন তাঁরা।
ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি বলেন, দিল্লি-আগ্রার ঐতিহাসিক স্থাপনাগুলো মুসলিম শাসনামলের সমৃদ্ধ ইতিহাস ও স্থাপত্যের গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে। আগ্রা ফোর্টের ভেতরেও সম্রাট শাহজাহানের আমলের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় স্থাপনা রয়েছে, যার মধ্যে নাগিনা মসজিদ ও মিনা মসজিদ উল্লেখযোগ্য।
তিনি পর্যটনকেন্দ্রগুলোতে মুসলিম নারী-পুরুষ পর্যটকদের নামাজ আদায়ের জন্য পর্যাপ্ত ও উপযুক্ত ব্যবস্থা রাখার অনুরোধ জানান। তাঁর মতে, বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় প্রয়োজনের প্রতি পারস্পরিক সম্মান রেখে পর্যটনকেন্দ্রগুলোতে এমন ব্যবস্থা রাখা হলে পর্যটকদের জন্য আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত হবে।