মক্কা-মদিনা মুসলিম উম্মাহর হৃদয়ের কেন্দ্রবিন্দু। সৌদি আরব অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বের সঙ্গে পবিত্র দুই মসজিদ—মসজিদুল হারাম ও মসজিদে নববী (সা.)-এর ব্যবস্থাপনা এবং হজ ও ওমরাহ কার্যক্রম পরিচালনা করে আসছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) মুসলিম উম্মাহর কল্যাণে সৌদি আরবের ভূমিকা’ শীর্ষক সেমিনার রাজধানীর উত্তরায় মানহাল একাডেমি মিলনায়তনে নূরুন আলা নূর ফাউন্ডেশন ও মানহাল একাডেমির যৌথ আয়োজনে সেমিনার বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শায়খ মাসুম বিল্লাহ বিন রেজা।
আলোচনায় অংশ নেন আত-তাওহীদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শায়খ ড. শহীদুল্লাহ খান মাদানী, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শায়খ জাহিদ হাসান মাদানী, শায়খ সরোয়ার হোসেন ও শায়খ আবদুল্লাহ মাহমুদ আজহারী।
বক্তারা বলেন, সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ, ইসলামিক সেন্টার ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে। প্রতিবছর বিপুলসংখ্যক কুরআন মাজিদ ও ইসলামি গ্রন্থ বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (KSrelief)-এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা দেওয়া হচ্ছে।
বক্তারা আরও বলেন, ফিলিস্তিন, মিয়ানমার, বাংলাদেশ, ইয়েমেন ও বসনিয়াসহ বিভিন্ন দেশে সৌদি আরব মানবিক ও আর্থিক সহায়তা প্রদান করেছে। মুসলিম দেশগুলোর পারস্পরিক সম্পর্ক জোরদার, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (OIC)-এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে মুসলিম উম্মাহর স্বার্থ সংরক্ষণেও সৌদি আরব কূটনৈতিকভাবে কাজ করছে।
সেমিনারে বক্তারা মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি, উন্নয়ন, ধর্মীয় কল্যাণ, মানবিক সহায়তা ও আন্তর্জাতিক কূটনীতিতে সৌদি আরবের ভূমিকা আরও জোরদার হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
