রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে হামলার ঘটনা ঘটেছে। হামলায় নারীসহ ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ হামলা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থেকে আসা ৩০-৩৫ জনের একদল যুবক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসের শাটার বন্ধ করে হট্টগোল সৃষ্টি করেন। এই সময় অফিসের নির্বাহী সদস্য নাঈম আবেদীন শাটার বন্ধে বাধা দিলে তিনি হামলার শিকার হন। এর পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হামলাকারীদের অফিসের ভেতরে নিয়ে মারধর করেন।
আহতদের মধ্যে রয়েছেন নিরাপদ সড়ক আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল আমিন তালুকদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইমরান সরকার, সদস্য রাবেয়া আক্তার, মাসুদ, ফারহান, সঞ্জিদ, রামিমসহ ১০ জন।
এ বিষয়ে নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক রায়হান হোসেন গণমাধ্যমকে জানান, ‘আমাদের কর্মীদের ওপর হামলা করা হয়েছে। আমরা এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাদ রশীদ হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমরা কারো ওপর হামলা করিনি। যাত্রাবাড়ী থেকে আসা একটি গ্রুপ ঝামেলা সৃষ্টি করেছে।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ‘বাংলামোটর থেকে কয়েকজন আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছেন। তাদের চিকিৎসা চলছে।’
এমএনএএস/
