তারেক বললেন দমন-পীড়নের কথা, সারজিস তুললেন সাংবাদিকতার অপব্যবহার

by hsnalmahmud@gmail.com

হাসান আল মাহমুদ >>

বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে ভিন্নতর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তারা উভয়েই সংবাদপত্রের স্বাধীনতাকে গণতন্ত্রের অপরিহার্য উপাদান হিসেবে উল্লেখ করলেও সংবাদমাধ্যমের বর্তমান বাস্তবতা ও দায়িত্বশীলতা নিয়ে কিছু মতানৈক্য প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন
banner

সোমবার (১৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেন, “১৯৭৫ সালের ১৬ জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। সেদিন শাসকগোষ্ঠী সব রাজনৈতিক দল বিলুপ্ত করে একদলীয় বাকশাল কায়েম করে কেবল চারটি পত্রিকা ছাড়া সব সংবাদমাধ্যম বন্ধ করে দেয়, যার ফলে অসংখ্য সাংবাদিক বেকার হয়ে পড়েন এবং জাতি বাকরুদ্ধ হয়ে পড়ে।”

তিনি বলেন, “সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা মানে চিন্তা ও বিবেককে বন্দী করে রাখা। শেখ মুজিবুর রহমানের শাসনামলে যে একদলীয় কর্তৃত্ববাদ কায়েম হয়েছিল, তারই ধারাবাহিকতায় শেখ হাসিনাও সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর দমন-পীড়নের পথ বেছে নিয়েছেন।”

তারেক রহমান আরও বলেন, “বহুদলীয় গণতন্ত্রে সংবাদপত্রের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে মতপ্রকাশ ও সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যদিও বিগত ৫ আগস্টের সরকারের পতনের পর কিছুটা মুক্তির আবহ তৈরি হয়েছে, তবে এখনও গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয়।”

সারজিস আলমের পর্যবেক্ষণ
তবে তারেক রহমানের এই পোস্টের নিচে মন্তব্য করে ভিন্ন দিক তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, “আপনার বক্তব্যের সঙ্গে একমত। কিন্তু বাস্তবে আমরা দেখেছি, অনেক মিডিয়া হাউজ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিংবা টিআরপি বাড়ানোর আশায় প্রোপাগান্ডা ছড়ায়।”

তিনি বলেন, “কিছু সংবাদপত্র বা সাংবাদিক ভিত্তিহীন খবর প্রচার করে পরে সেটি মুছে ফেলে, কিন্তু তখন পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের ভাবমূর্তির ক্ষতি হয়ে যায়। আবার অনেক সংবাদ হাউজ ক্ষমতাবানদের সুবিধামতো শিরোনাম ঠিক করে—যেখানে নিরপেক্ষতা থাকে না।”

সারজিস আলম আরও মন্তব্য করেন, “সংবাদপত্রের স্বাধীনতা যেমন প্রয়োজন, তেমনি সেই স্বাধীনতার অপব্যবহার রোধেও উপযুক্ত আইন থাকা জরুরি। তদন্তসাপেক্ষে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222