রুয়েটে যথাযথ মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

by Fatih Work

রুয়েট প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার পুনর্ব্যক্তের মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) যথাযথ মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং বিশেষ দোয়া ও মোনাজাতসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসের কর্মসূচির সূচনা হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে ‘জুলাই-২০২৪ গণঅভ্যুত্থান’ স্মরণে আয়োজিত একটি আনন্দ র‌্যালির মাধ্যমে। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তালাইমারী মোড় হয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপরে বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিজ্ঞাপন
banner

এছাড়া দিবসটি উপলক্ষে প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে নিজেদের সৃজনশীল ভাবনায় জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলেন। পাশাপাশি ছাত্রকল্যাণ দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক একটি রচনা প্রতিযোগিতাও ঘোষণা করা হয়েছে। আয়োজকরা জানান, আগামী ৮ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত এই প্রতিযোগিতার জন্য রচনা জমা দেওয়া যাবে।

বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক, সহকারী পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক বলেন, “২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, নিপীড়ন, গুম, হত্যা এবং ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের বহিঃপ্রকাশ। এই আত্মত্যাগের মধ্য দিয়েই একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের নতুন সম্ভাবনার সূচনা হয়েছে। শহীদদের আত্মত্যাগকে ধারণ করে এবং আহতদের সংগ্রামকে স্মরণ রেখে দেশ গঠনের দায়িত্ব আমাদের সবার।” তিনি আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস ও চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিকত্বের চর্চাকে আরও শক্তিশালী করতেই এই কর্মসূচিগুলোর আয়োজন করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222