আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব কর্তৃক ইয়েমেনে অবরোধ আরোপের অভিযোগ এনে এবার রিয়াদের বাণিজ্যিক ও নৌ-জাহাজের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি (আনসারুল্লাহ)। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালী দিয়ে সৌদি আরবের সমস্ত ধরনের নৌ-চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে তারা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, হুতিদের তৈরি করা ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতির আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ঘোষণার মুহূর্ত থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। যেকোনো পরিস্থিতির জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত এবং রিয়াদের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর ও নির্মম জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত ইয়েমেন সরকার এবং হুতি বিদ্রোহীদের মধ্যে চলমান তীব্র উত্তেজনা ও পারস্পরিক যুদ্ধংদেহী হুমকির মধ্যেই এই চরম ঘোষণাটি এলো। মূলত চলতি জুলাই মাসের শুরুতে ইরানের ‘মাহান এয়ারলাইন্স’-এর দুটি ফ্লাইট তেহরান থেকে সরাসরি ইয়েমেনে আসার পর থেকেই এই আঞ্চলিক উত্তেজনা নতুন মাত্রা পায়। প্রথম ফ্লাইটটি ৩ জুলাই হুতি নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে অবতরণ করলেও, ১৩ জুলাইয়ের দ্বিতীয় ফ্লাইটটিকে সানা বিমানবন্দরে নামতে দেয়নি ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। রানওয়েতে বিমান হামলা চালিয়ে সানা বিমানবন্দরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলে ফ্লাইটটি হুদাইদাহ বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়। হুতিরা এই রানওয়েতে হামলার জন্য সরাসরি সৌদি আরবকে দায়ী করে এবং এর প্রতিশোধ হিসেবে সৌদির ‘আভা’ আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
হুতিরা তেহরান থেকে সানায় তাদের ভাষায় ‘অবরোধ ভাঙার ফ্লাইট’ অব্যাহত রাখার ঘোষণা দিলেও ইয়েমেনের বর্তমান প্রেসিডেন্সিয়াল কাউন্সিল স্পষ্ট জানিয়ে দিয়েছে, সরকারের অনুমতি ছাড়া দেশের মাটিতে কোনো বিদেশি বিমানকে অবতরণ করতে দেওয়া হবে না। গত দুই সপ্তাহ ধরে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সামরিক শক্তি বৃদ্ধি করার পাশাপাশি সৌদি আরবের তেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের হামলার হুমকি দিয়ে আসছে। এর জবাবে আন্তর্জাতিক জোট এবং ইয়েমেন সরকারি বাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সৌদির জাতীয় নিরাপত্তার ওপর যেকোনো আঘাতের বিরুদ্ধে তারা এবার নজিরবিহীন এবং কঠোরতম সামরিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে।
টিএইচএ/
