নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন দেড় সহস্রাধিক মানুষ। তাদের মধ্যে পাঁচ শতাধিক বিদেশি পর্যটক রয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্থানীয় সময় দুপুর দেড়টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে নেপাল পুলিশ হতাহতের সর্বশেষ এই হিসাব জানিয়েছে।
নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে মৃতের সংখ্যা ২৮৯ জনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের মধ্যে চিতওয়ানে ১০৮ জন, নাওয়ালপরাসি ইস্টে ৬২, ধাদিংয়ে ২৭, গোরখায় ২০, রাসুয়ায় ১৭, নাওয়ালপরাসি ওয়েস্টে ১৫, নুয়াকোটে ১২ এবং তানাহুনে ৯ জনের মরদেহ পাওয়া গেছে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, অন্তত ৮২৬ জনের সঙ্গে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁদের মধ্যে স্থানীয় বাসিন্দা, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং দেশি-বিদেশি পর্যটক রয়েছেন।
যোগাযোগবিচ্ছিন্নদের মধ্যে নেপালি সেনাবাহিনীর ৪৪ জন, নেপাল পুলিশের ২৮ জন এবং আর্মড পুলিশ ফোর্স নেপালের ১৩ সদস্য রয়েছেন।
এ ছাড়া ৬৪৪ পর্যটকের এখনো খোঁজ পাওয়া যায়নি। তাঁদের মধ্যে ৫১৭ জন বিদেশি এবং ১২৭ জন নেপালি নাগরিক।
বুধবারের আকস্মিক বন্যা রাসুয়াসহ বিভিন্ন জেলা বিধ্বস্ত করার পর ত্রিশূলী ও নারায়ণী নদী দিয়ে প্রবল স্রোত ভাটির দিকে ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন জনবসতি, সড়ক, সেতু ও অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
দুর্গত এলাকাগুলোতে সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনী উদ্ধার, অনুসন্ধান ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে হতাহত ও এখনো যাঁদের সন্ধান পাওয়া যায়নি, তাঁদের তথ্য সংগ্রহ করছে কর্তৃপক্ষ।
