২১জুলাই: মাদরাসা ছাত্রদের প্রতিরোধ, সারা দেশে নিহত ২৬

by Abid vs36

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে নজিরবিহীন সহিংসতা ও প্রাণহানির পরিস্থিতির মধ্যেই সরকারি চাকরিতে কোটা পুনর্বহালসংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে শীর্ষ আদালতের এই রায়ের পরও রাজপথের পরিস্থিতি শান্ত হয়নি। দেশব্যাপী টানা চতুর্থ দিনের মতো সান্ধ্য আইন বা কারফিউ বহাল রাখার পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও আন্দোলনকারীদের ত্রিপক্ষীয় সংঘর্ষে সরকারি হিসেবেই আরও ২৬ জনের প্রাণহানি ঘটেছে। উদ্ভূত সংকটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন বাহিনীর প্রধান ও মন্ত্রিপরিষদ সচিবের সাথে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি নিয়ে রবিবার (২১ জুলাই) দুপুরে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ কোটা সংস্কারের মূল রায় ঘোষণা করে। আপিল বিভাগের চূড়ান্ত রায়ে হাইকোর্টের কোটা পুনর্বহালসংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ নিয়োগ দেওয়া হবে। বাকি ৭ শতাংশের মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য ১ শতাংশ কোটা ধার্য করা হয়েছে। রায়ে আরও উল্লেখ করা হয়, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে ওই শূন্য পদগুলো সাধারণ মেধাতালিকা থেকেই পূরণ করতে হবে এবং এ বিষয়ে অবিলম্বে নির্বাহী বিভাগকে প্রজ্ঞাপন জারির নির্দেশ দেয় আদালত। আদালতের এই রায়কে ইতিবাচক হিসেবে বর্ণনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম জানান, ছাত্রসমাজ সর্বোচ্চ আদালতের রায়কে স্বাগত জানালেও তাদের মূল নজর নির্বাহী বিভাগের প্রজ্ঞাপনের দিকে। এরপর তৎকালীন শাটডাউন কর্মসূচি স্থগিত করা হলেও ইন্টারনেট সচল করা, ক্যাম্পাসের নিরাপত্তা ও সান্ধ্য আইন প্রত্যাহারের ৪ দফা দাবিতে সরকারেকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয় এবং নিহতদের স্মরণে পরদিন গায়েবানা জানাজার ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে ২১ জুলাই দেশজুড়ে সিংহভাগ পোশাক কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। রাজধানীসহ সারা দেশে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা টানা চতুর্থ দিনের মতো বিচ্ছিন্ন থাকায় জরুরি সামাজিক ও ব্যবসায়িক কাজ মারাত্মকভাবে বিপর্যস্ত হয়। এর মাঝেই ভোরে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে রাজধানীর পূর্বাচল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অভিযোগ করেন, আন্দোলনে নেতৃত্ব দেওয়া থেকে দূরে রাখতেই তাকে খিলগাঁও এলাকা থেকে আগে তুলে নেওয়া হয়েছিল। তবে সমন্বয়ক তুলে নেওয়ার এসব অভিযোগ অস্বীকার করে তৎকালিন পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রাজধানীর যাত্রাবাড়ী, শনিরআখড়া, বাড্ডা, উওরা ও মিরপুরসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কারফিউ ভাঙার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অ্যাকশনের মুখে পড়ে আন্দোলনকারীরা। বিশেষ করে যাত্রাবাড়ী এলাকায় মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীদের তৈরি প্রতিরোধের মুখে সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ও রাবার বুলেট প্রয়োগ করা হয়, যার জেরে এই দিনটি পরবর্তীতে ‘যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ হিসেবে আখ্যা পায়। সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই ওই দিন অন্তত ১৪ জনের মরদেহ আনা হয়। সহিংসতায় অন্যান্য স্থানের পাশাপাশি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের ছাত্র ইমাম হাসান তায়িমসহ বেশ কয়েজন প্রাণ হারান এবং সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্তত ১৯টি যানবাহনে অগ্নিসংযোগ ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ জারি করে প্রশাসন। রাজনৈতিকভাবে বিভিন্ন স্থানে দায়ের হওয়া মামলায় রাজধানীসহ সারা দেশে সাড়ে ৫০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেও পরিস্থিতি পর্যালোচনায় ২১ জুলাই রাতে গণভবনে তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ও শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় যে ২২ জুলাইও কারফিউ অব্যাহত থাকবে, তবে দুপুরের দিকে নির্দিষ্ট কয়েক ঘণ্টার জন্য শিথিল করা হবে। বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে তিন শতাধিক মানুষের প্রাণহানির প্রকৃত তথ্য সরকারি দমন-পীড়ন ও মিডিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে চেপে রাখার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, বাংলাদেশে চলমান গণহত্যা ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222