বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের (১৩) নির্মম হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ এবং সভাপতি পরিষদ সদস্য হাবীবুল্লাহ মিসবাহ ও দিদারুল ইসলাম বলেন, ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হওয়ার পরদিন বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই-সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অপ্রতিমের সঙ্গে থাকা এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।
নেতৃবৃন্দ বলেন, ১৩ বছরের একজন স্কুলশিক্ষার্থী নিখোঁজ হওয়ার পরদিন তার মরদেহ উদ্ধারের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক। অপ্রতিম হত্যার রহস্য দ্রুত উদ্ঘাটন, জড়িতদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজনকে আটকের ঘটনায় তদন্তে অগ্রগতি আশা করা যায়। তবে প্রকৃত হত্যাকারী ও হত্যার নেপথ্যের রহস্য উদ্ঘাটনে তদন্ত আরও দ্রুত ও নিরপেক্ষভাবে এগিয়ে নিতে হবে।
তারা বলেন, অপ্রতিম হত্যাকাণ্ড দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও গুরুতর প্রশ্ন তৈরি করেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত ধরনের অপরাধে সারা দেশে ২১ হাজার ৭৫৬টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা হয়েছে ১ হাজার ৭৮৯টি, যা আগের ছয় মাসের তুলনায় বেড়েছে। নারী ও শিশু নির্যাতন এবং পুলিশের ওপর হামলার মামলাও বেড়েছে।
নেতৃবৃন্দ বলেন, নাগরিকদের জানমাল ও শিশু-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে সরকারের দায়িত্ব পালনের বিষয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মনে করে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ করা উচিত।
নেতৃবৃন্দ অপ্রতিমের শোকসন্তপ্ত মা, পরিবার, স্বজন ও সহপাঠীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং দ্রুত তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদ্ঘাটন, প্রকৃত জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানান।
