আগামী সংসদ নির্বাচনে ২০০ আসনে জিতলেও জামায়াতে ইসলামী জাতীয় সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, আমরা ইইউ রাষ্ট্রদূতের আমন্ত্রণে এখানে এসেছিলাম। এখানে ৮টি দেশের রাষ্ট্রদূত ও তাদের সহযোগীরাও ছিলেন। তারা মূলত বাংলাদেশের পরিবেশ-পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তারা আমাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন।
ডা. শফিকুর রহমান বলেন, তারা বাংলাদেশকে ইনক্লুসিভ দেখতে চায়। আমরা বলেছি আমরা নির্বাচিত হলে, সেই ইনক্লুসিভ বাংলাদেশই গড়ব। আমরা কোনো দলকেই বাদ দেব না।
জামায়াত আমির আরো বলেন, যারা এখানে অংশগ্রহণ করবেন, তাদের কাছে দুটি জিনিস প্রত্যাশা করব। প্রথমত, কেউ নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেবেন না। দ্বিতীয়ত, আমরা সবার জন্য সমান বিচার নিশ্চিত করতে চাই। কমপক্ষে এই দুটো বিষয়ে যারা একমত হবেন, দেশের স্বার্থে তাদেরকে নিয়ে আমরা সরকার গঠনে আগ্রহী। এমনকি আমরা যদি ২০০ আসনেও বিজয়ী হই তারপরও এটা আমরা করব ইনশাআল্লাহ।
এআইএল/
