ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের ‘ইউনিস্যাব রাইজ সিজন-১’ অনুষ্ঠিত

by Abid vs36

মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): তরুণদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং বাস্তব জীবনের নানা সামাজিক সমস্যা সমাধানে দক্ষ করে তুলতে ‘ইউনিস্যাব রাইজ সিজন-১’ শীর্ষক মাস্টারক্লাস ও কেস প্রতিযোগিতার আয়োজন করেছে ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী ডিভিশন।

সংগঠনের সহযোগী সদস্য ও স্বেচ্ছাসেবীদের মানসিক ও বস্তুগত বিকাশ নিশ্চিত করতে আয়োজিত এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রাথমিক পর্যায়ে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীদের বিভিন্ন দলে বিভক্ত করা হয়। প্রথম ধাপে প্রতিটি দল একটি নির্ধারিত সামাজিক সমস্যা ও তার সমাধান নিয়ে ভিডিও উপস্থাপনা জমা দেয়। সেখান থেকে নির্বাচিত সেরা দলগুলো মূল পর্বে স্থান করে নেয়।

বিজ্ঞাপন
banner

মূল প্রতিযোগিতার পূর্বে গত ৯ জুলাই রাতে অংশগ্রহণকারীদের জন্য একটি অনলাইন টিউটোরিয়াল সেশন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ইউনিলিভারের ট্যালেন্ট পার্টনার আশরাফুল শাবাব সেশন পরিচালনা করে কেস স্টাডি বিশ্লেষণ, লজিক্যাল প্রবলেম সলভিং ও প্রেজেন্টেশনের কৌশল নিয়ে দিকনির্দেশনা দেন।

পরদিন ১০ জুলাই অনুষ্ঠিত মূল আয়োজনে মাস্টারক্লাস পরিচালনা করেন গ্রামীণফোনের ক্লাস্টার ম্যানেজার তাকিয়া মোশাররেফ। তিনি করপোরেট পরিবেশের পেশাদারিত্ব, টিমওয়ার্ক ও বাস্তবমুখী চিন্তাভাবনার গুরুত্ব তুলে ধরেন। এরপর অংশগ্রহণকারী দলগুলোর সামনে তাৎক্ষণিক একটি নতুন সামাজিক সমস্যা দেওয়া হয়, যা নির্ধারিত সময়ের মধ্যে সমাধান করে পোস্টার আকারে বিচারকদের সামনে উপস্থাপন করা হয়। পরবর্তীতে উপস্থাপনার ওপর ভিত্তি করে বিজয়ী দল বেছে নেওয়া হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এ.এইচ.এম. খুরশিদ আলম, তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগের অধ্যাপক মুহাম্মদ সাজ্জাদুর রহিম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল মোমেন, অধ্যাপক ড. মো. জহুরুল আনিস এবং দিব্যেন্দু বিশ্বাস। পাশাপাশি ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের অ্যালামনাই সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ইউনিস্যাব রাজশাহী ডিভিশন সামাজিক উন্নয়ন ও ইয়ুথ স্কিল ডেভেলপমেন্ট নিয়ে সুনামের সঙ্গে কাজ করে আসছে। সংগঠনটি সামাজিক দায়বদ্ধতা থেকে ‘প্রজেক্ট ক্লিন অ্যান্ড কেয়ার’, ‘ঈদ ফর স্ট্রিট চিলড্রেন’, ‘প্রজেক্ট হ্যাপি বার্থডে’, ‘ড্রিম অরেঞ্জ’ ও ‘উইক ফর হিউম্যানিটি’র মতো প্রশংসনীয় উদ্যোগ পরিচালনা করছে। পাশাপাশি দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত ‘ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট’, ‘ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট’, ‘আরইউ ট্যালেন্ট হান্ট’, ‘নেক্সট লিপ’ ও ‘ইউনিস্যাব এক্সিলারেট’-এর মতো ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আয়োজন করে আসছে।

আয়োজক পর্ষদ ব্যক্ত করে, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নেতৃত্ব ও সঠিক দক্ষতায় রূপান্তর করতে সামনের দিনগুলোতেও এই ধরনের মানসম্মত আয়োজন অব্যাহত থাকবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222