ইরাকের কারবালায় খামেনির জানাজা আজ

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির লাশবাহী কফিন জানাজা শোভাযাত্রার জন্য ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় নেওয়া হয়েছে। শিয়া মুসলমানদের পবিত্র এই দুটি শহরে বুধবার সকাল থেকেই জানাজা ও বিশেষ শোকানুষ্ঠান শুরু হয়। গত শনিবার থেকে খামেনিকে ঘিরে ছয় দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে ইরান, যার মধ্যে একটি পুরো দিন নির্ধারণ করা হয়েছে প্রতিবেশী ও ঘনিষ্ঠ মিত্র দেশ ইরাকের জন্য। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন খামেনি, যার পরপরই মধ্যপ্রাচ্যে দীর্ঘ যুদ্ধের সূচনা ঘটে।

এর আগে ইরানের পবিত্র শহর কোমে বিশাল বিদায়ি শোভাযাত্রা শেষে মঙ্গলবার রাতে খামেনির মরদেহ নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে ইরাকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাজনীতিকেরা মরদেহ গ্রহণ করেন। রাষ্ট্রীয় এই শোকানুষ্ঠান উপলক্ষে বুধবার ইরাকজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। নাজাফ ও কারবালার প্রধান প্রধান সড়কগুলোতে নিহত খামেনির বিশাল প্রতিকৃতি, ব্যানার এবং ইরানের ‘অ্যাক্সিস অব রেজিস্ট্যান্স’-এর নিহত অন্যান্য কমান্ডারদের ছবি টাঙানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

নাজাফে প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এই বিদায়ি শোভাযাত্রায় যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো শোকাহত মানুষ সমবেত হয়েছেন। শোভাযাত্রাটি মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জামাতা এবং প্রথম শিয়া ইমাম হজরত আলী (আ.)-এর পবিত্র মাজারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। নাজাফের আনুষ্ঠানিকতা শেষে কফিনটি প্রায় ৬০ কিলোমিটার দূরে কারবালায় নেওয়া হবে, যেখানে ইমাম হুসাইন (আ.) ও তার ভাই আব্বাসের পবিত্র মাজারে দ্বিতীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পুরো প্রক্রিয়াজুড়ে শোকাহত মানুষদের জন্য শত শত অস্থায়ী স্টলে খাবার ও পানীয়ের সংস্থান করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

দুই দেশের এই যৌথ শোকানুষ্ঠানকে তেহরান ও বাগদাদের মধ্যকার দীর্ঘদিনের গভীর ও আধ্যাত্মিক সম্পর্কের প্রতীক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি জানান, এই আয়োজন বিশ্বমঞ্চে দুই জাতির আধ্যাত্মিক ঐক্যের চিত্র তুলে ধরেছে। আটের দশকে সাদ্দাম হোসেনের শাসনামলে দুই দেশের মধ্যে দীর্ঘ যুদ্ধ হলেও ২০০৩ সালে সাদ্দামের পতনের পর শিয়া নেতৃত্বাধীন বাগদাদ সরকারের সঙ্গে তেহরানের অত্যন্ত ঘনিষ্ঠ কূটনৈতিক ও সামরিক সম্পর্ক গড়ে ওঠে। আগামী বৃহস্পতিবার উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে খামেনির মরদেহ দাফন করা হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222