আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় কৌশলগত উপকূলীয় এলাকাগুলোতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাতে জানা গেছে, পারস্য উপসাগরীয় উপকূলের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরে পর পর কয়েকভিত্তিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা স্থানীয় গণমাধ্যম মেহের ও ফার্স নিউজের বরাতে জানায়, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাস, সিরিক কাউন্টি এবং চাবাহার এলাকায় স্থানীয় বাসিন্দারা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। প্রবল বিস্ফোরণের পরপরই চাবাহার এলাকায় সম্পূর্ণ বিদ্যুৎ বিপর্যয় বা ব্ল্যাকআউট দেখা দেয় বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। এছাড়া বন্দর আব্বাস শহরের আকাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয় এবং তারা শত্রুভাবাপন্ন লক্ষ্যবস্তু মোকাবিলা শুরু করে।
এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশনায় ইরানে অতিরিক্ত হামলা শুরু করা হয়েছে। হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলার যে সামরিক সক্ষমতা ইরানের রয়েছে, তা গুঁড়িয়ে দিতেই এই বিমান ও ক্ষেপণাস্ত্র আক্রমণ পরিচালিত হচ্ছে।
সেন্টকমের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হরমুজ প্রণালিতে অবাধে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ এবং বেসামরিক নাবিকদের ওপর তেহরান যে অযাচিত আগ্রাসন চালিয়েছে, তার জবাবদিহি নিশ্চিত করতেই যুক্তরাষ্ট্র এই সামরিক পদক্ষেপ নিয়েছে। ঘটনার পর থেকে পুরো উপকূলীয় অঞ্চলে তীব্র সামরিক উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো ধরনের পরিস্থিতি সামাল দিতে স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
টিএইচএ/
