এআই শিখলেই গার্মেন্টসে মাদরাসা ছাত্রদের মূল্যায়নের ঘোষণা বিকেএমইএ সভাপতির

by hsnalmahmud@gmail.com

এআই শিখলেই গার্মেন্টসে মাদরাসা ছাত্রদের মূল্যায়নের ঘোষণা দিয়েছেন বিকেএমইএ সভাপতি নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।

সম্প্রতি সংবাদমাধ্যম ‘৩৬ নিউজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন
banner

সাক্ষাৎকারে বিকেএমইএ সভাপতি বলেন, ‘মাদরাসা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি জানান, মাদরাসা শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিতে দক্ষ হলে তৈরি পোশাক খাতসহ যেকোনো জায়গায় বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে সফলতার সাথে কাজ করতে পারবে।’

তিনি বলেন, মাদরাসায় যদি কম্পিউটার ও এআই-ভিত্তিক আধুনিক প্রযুক্তি শিক্ষার সুযোগ ও ট্রেনিং নিশ্চিত করা যায়, তবে সেখানকার শিক্ষার্থীরা সব ক্ষেত্রে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হবে। তাদের সেই যোগ্যতা ও মেধা রয়েছে।

তবে তৈরি পোশাক খাতে প্র্যাকটিক্যাল বা মাঠপর্যায়ের বাস্তব জ্ঞানের অভাবকে বড় একটি চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন মোহাম্মদ হাতেম।

তিনি জানান, সাধারণ বিশ্ববিদ্যালয় কিংবা মাদরাসা—উভয় মাধ্যম থেকেই পাস করা শিক্ষার্থীদের পোশাক খাত বা আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত বাস্তব ধারণা তুলনামূলকভাবে কম থাকে। ফলে সাধারণ শিক্ষা বা মাদরাসা শিক্ষা উভয় ক্ষেত্রেই কাজের শুরুতে ব্যবহারিক প্রশিক্ষণের প্রয়োজন পড়ে।

বিশ্ববিদ্যালয় ও মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে পার্থক্যের বিষয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বায়ারদের সাথে যোগাযোগ ও আন্তর্জাতিক বাণিজ্যের দাপ্তরিক কাজগুলো মূলত ইংরেজিতে পরিচালিত হয়। পাশাপাশি নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও ইংরেজি জ্ঞানের প্রয়োজন রয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীরা ইংরেজিতে কিছুটা এগিয়ে থাকলেও মাদরাসা শিক্ষার্থীদের এই জায়গায় কিছুটা দুর্বলতা বা চ্যালেঞ্জ থেকে যায়।

তবে মাদরাসা শিক্ষার্থীরা যদি তাঁদের মেধার সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), কম্পিউটার প্রযুক্তি এবং ইংরেজি ভাষায় নিজেদের দক্ষতা বাড়িয়ে নিতে পারে, তবে তৈরি পোশাক শিল্পসহ দেশের বৃহত্তম অর্থনৈতিক খাতগুলোতে তাঁদের মূল্যায়নের সুযোগ এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিকেএমইএ সভাপতি।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222