ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপি ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর গুপ্ত হামলা বাড়ছে। শুক্রবার দুপুরে ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করা হয়েছে, তিনি বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
রিজভী অভিযোগ করেন, একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ পরিবেশ নস্যাৎ করতেই নীলনকশা অনুযায়ী এসব হামলা চালানো হচ্ছে। তার মতে, ওসমান হাদির ওপর হামলা সেই পরিকল্পনারই অংশ। তিনি আরও বলেন, এর আগে দেড় মাস আগে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহকেও গুলি করে আহত করা হয়েছিল।
বিএনপির এই নেতা বলেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও বিরোধী নেতাদের ওপর দুষ্কৃতিকারীদের হামলা ক্রমেই বাড়ছে। এসব হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিএনপি সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
তিনি জানান, শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকাসহ সারাদেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
টিএইচএ/
