আসন্ন সাংবিধানিক গণভোটে রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে জনমত গঠনে বড় ধরনের প্রচারণামূলক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। সংস্থার বিশাল গ্রাহক নেটওয়ার্ক ব্যবহার করে দেশের প্রায় ৩ কোটি ৭২ লাখ গ্রাহকের দোরগোড়ায় ‘হ্যাঁ’ সম্বলিত বিশেষ লিফলেট পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত রোববার (১৮ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা সম্পন্ন) অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে তার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম এই তথ্য নিশ্চিত করেন।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের তৃণমূল পর্যায়ে গণভোটের গুরুত্ব এবং সংবিধানের প্রস্তাবিত সংস্কারসমূহ সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ। আরইবির মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে এই লিফলেট বিতরণের প্রক্রিয়া তদারকি করা হবে। লিফলেটের মূল শিরোনাম থাকবে ‘পরিবর্তনের জন্য হ্যাঁ’, যা ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে ইতিবাচক রায় দিতে উদ্বুদ্ধ করবে। বৈঠকে প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন।
টিএইচএ/৩৬ নিউজ
