চাঁদা না দেওয়ায় মাওলানা সানাউল্লাহর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

by hsnalmahmud@gmail.com

নিজস্ব প্রতিবেদক: উত্তরার বিশিষ্ট আলেম ও সরকার অনুমোদিত হজ এজেন্সি সানাউল্লাহ এয়ার ট্রাভেল-এর পরিচালক মাওলানা মো. সানাউল্লাহকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি দক্ষিণখান থানায় লিখিত অভিযোগের পাশাপাশি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

মাওলানা সানাউল্লাহর অভিযোগ, ‘প্রতিদিনের খবর ২৪ ডট কম’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি ওই টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর বিভিন্ন তথ্য প্রচার শুরু হয় বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন
banner

তার অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

পূর্ববিরোধের জেরেই অপপ্রচারের অভিযোগ
অভিযোগ সূত্রে জানা যায়, মোল্লারটেক এলাকার বাসিন্দা সোহরাব মোল্লার সঙ্গে মাওলানা সানাউল্লাহর পূর্বে কথা-কাটাকাটি ও বিরোধের ঘটনা ঘটে। এরপর থেকেই তাকে ঘিরে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া আশকোনা সাবিলুল হক মাদরাসার পরিচালক মাওলানা অলিউল্লাহর সঙ্গেও মাওলানা সানাউল্লাহর পূর্ববিরোধ রয়েছে বলে তার পক্ষ থেকে দাবি করা হয়েছে। এসব বিরোধের জের ধরে সোহরাব মোল্লাসহ একটি মহল তার বিরুদ্ধে অপপ্রচারে জড়িত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, মাওলানা অলিউল্লাহ পূর্বে সিভিল অ্যাভিয়েশনের বিএফসি-তে ইমাম হিসেবে কর্মরত ছিলেন। সে সময় কয়েকজন উমরাহযাত্রী তার কাছে না গিয়ে মাওলানা সানাউল্লাহর কাছে পাসপোর্ট ও টাকা জমা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ও পূর্ববিরোধের জেরে মাওলানা অলিউল্লাহ সোহরাব মোল্লাসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে এবং কিছু অনলাইন সংবাদকর্মীকে ব্যবহার করে মাওলানা সানাউল্লাহর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করিয়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

থানায় সাধারণ ডায়েরি

এ ঘটনায় ভুক্তভোগী মাওলানা মো. সানাউল্লাহ গত ৬ আগস্ট ২০২৬ দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ৪৫৩ এবং জিডি ট্র্যাকিং নম্বর KCZDJY।

তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আলেমদের নিন্দা

এদিকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উত্তরার কয়েকজন বিশিষ্ট আলেম এ ঘটনায় নিন্দা জানিয়েছেন। তারা বলেন, একজন সম্মানিত আলেমের বিরুদ্ধে কোনপ্রকার তথ্য- প্রমাণ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিত্তিহীন লেখা প্রকাশ করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা অত্যন্ত দুঃখজনক।

তারা আরও বলেন, একজন সম্মানিত আলেম ও ব্যবসায়ীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা জানানো উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত প্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করে বলেন, মাওলানা সানাউল্লাহ দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে এসব ভিত্তিহীন অভিযোগ যারা প্রচার করে তার সম্মানহানির চেষ্টা করছে৷ আমরা তাদের বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে অভিযোগে উল্লিখিত সোহরাব মোল্লা, মাওলানা অলিউল্লাহ এবং সংশ্লিষ্ট অনলাইন পোর্টালের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222