যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে সরাসরি হুমকি দিয়েছেন ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক শীর্ষ কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম। এমনকি মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের ভেতরে প্রবেশ করে তাঁর ক্ষতি করার মতো সক্ষমতা তেহরানের রয়েছে বলে তিনি বিস্ফোরক দাবি করেছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি ইরানের সংবাদভিত্তিক ওয়েবসাইট ‘ফারারু’-কে দেওয়া একটি সাক্ষাৎকার দেন আইআরজিসির এই সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা। সেখানে তিনি বলেন, “যদি ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য হতো, তবে ইসলামি প্রজাতন্ত্র ইরান খুব সহজেই হোয়াইট হাউসের ভেতরে ঢুকে তা বাস্তবায়ন করতে পারে। যখনই প্রয়োজন মনে হবে, ইরানের সে পদক্ষেপ নেওয়ার পূর্ণ সক্ষমতা রয়েছে।”
কড়া এই হুমকির পাশাপাশি তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার চলমান পরমাণু ও নীতিগত আলোচনা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন কানানি মোকাদ্দাম। তিনি জানান, এই আলোচনার উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি স্থাপন করা নয়। মূলত দুই দেশের সামরিক ও কূটনৈতিক উত্তেজনা হ্রাস করা এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমেরিকার আনা বিভিন্ন ভিত্তিহীন অভিযোগের জবাব দেওয়াই এই সংলাপের মূল লক্ষ্য।
তিনি আরও যোগ করে বলেন, “আমরা ট্রাম্প কিংবা তাঁর কোনো অপরাধী সহযোগীদের সঙ্গে শান্তির সুবাতাস নিয়ে আলোচনা করছি না। আলোচনার মাধ্যমে আমরা কেবল আমাদের ন্যায্য অধিকার ও অবস্থানকে তুলে ধরতে চাই। মার্কিন আগ্রাসনের প্রতিশোধ এবং পাল্টা আঘাতের বিষয়টি ইরানের নীতিগত টেবিলে আগের মতোই অত্যন্ত জোরালোভাবে বহাল রয়েছে।”
টিএইচএ/
