মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ২০২৪, ২০২৫ এবং ২০২৬ সালে অনুষ্ঠিত ১১তম, ১২তম ও ১৩তম জাতীয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় পরপর শিরোপা জিতে এই অভূতপূর্ব হ্যাটট্রিক অর্জন করে বিশ্ববিদ্যালয়টির বিতর্ক দল।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতার ১৩তম আসরে সেরা স্থান অর্জন করায় বিজয়ী রাবি বিতর্ক দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপাচার্যের কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিজয়ী দলের সদস্যরা। এ সময় উপাচার্য আনন্দ প্রকাশ করে বলেন, “বিতর্ক দলের এই ধারাবাহিক অর্জন কেবল তাদের নিজস্ব নয়, বরং পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এক বিশাল গৌরবের বিষয়। তাদের এই কৃতিত্ব বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মেধাচর্চায় অনুপ্রাণিত করবে।” ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের জন্য আরও বড় সাফল্য বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সৌজন্য সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলম উপস্থিত ছিলেন।
চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন, আইন বিভাগের শিক্ষার্থী এম এম আশরাফুল ইসলাম সন্ধি, দর্শন বিভাগের নিলয় সাহা এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী ও দলের অধিনায়ক মো. মামুনুজ্জামান স্নিগ্ধ।
প্রতিযোগিতার এবারের ১৩তম আসরের শ্বাসরুদ্ধকর চূড়ান্ত পর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিপক্ষ ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। চূড়ান্ত বিতর্কের বিষয় নির্ধারিত ছিল—‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজনের চেয়ে প্রশমনই গুরুত্বপূর্ণ।’ যুক্তি ও তথ্যের ধারালো উপস্থাপনায় সেরা পারফর্ম করে ফাইনাল ম্যাচে শ্রেষ্ঠ বক্তার সম্মাননা অর্জন করেন রাবি দলের দলনেতা মো. মামুনুজ্জামান স্নিগ্ধ।
উল্লেখ্য, এই চূড়ান্ত পর্বের বিতর্কটি বৃহস্পতিবার রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত হবে।
টিএইচএ/
