জামালপুরে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা দিল ১০০ শিক্ষার্থী

by Abid vs36

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরে ২০২৬ সালের সিলেবাসের পরিবর্তে ২০২৫ সালের ভুল সিলেবাসের প্রশ্নপত্রে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা নিয়েছে কেন্দ্র কর্তৃপক্ষ। সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ১০০ জন নিয়মিত এইচএসসি পরীক্ষার্থী এই ভুলের শিকার হয়েছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

শনিবার (৪ জুলাই) সকালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। ওই কক্ষের সব পরীক্ষার্থীই সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন
banner

ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা শেষ হওয়ার পর অন্য কক্ষের সহপাঠীদের প্রশ্নপত্র দেখে তারা বুঝতে পারেন যে তারা ভুল সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দিয়েছেন। দুই বছর ধরে নতুন সিলেবাসে প্রস্তুতি নেওয়ার পর এমন ঘটনায় তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। পরীক্ষা কেমন হয়েছে তার চেয়েও বড় বিষয় হলো তাদের এই ভুলের কারণে পাস করা বা জিপিএ-৫ পাওয়ার নিশ্চয়তা কে দেবে, তা নিয়ে তারা শঙ্কিত। পরে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি সমাধানের আশ্বাস দেন। কলেজ সূত্র মারফত জানা গেছে, সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট ৯ শতাধিক পরীক্ষার্থী অংশ নেন, যার মধ্যে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী ছিলেন ৬৯ জন।

অভিযোগের বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর শওকত আলম বলেন, কেন্দ্রটিতে ২০টি করে প্রশ্নপত্রের বান্ডিল আসে। ৪২০২ নম্বর কক্ষের জন্য ২০২৬ সালের প্রশ্নপত্র লেখা পাঁচটি বান্ডিল খোলা হয়েছিল। কিন্তু বান্ডিলের ভেতরে ভুলবশত ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র রাখা ছিল। পরীক্ষা শুরু হওয়ার আগে বান্ডিলের ভেতরের প্রশ্নপত্র যাচাই করার নিয়ম বা সুযোগ না থাকায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেগুলোই পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। পরীক্ষা শেষে বিষয়টি তাদের নজরে আসে এবং মূলত এই প্রশ্নপত্রগুলো অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ছিল। তিনি আরও জানান, বিষয়টি জানার পরপরই শিক্ষা বোর্ডের সঙ্গে জরুরি যোগাযোগ করা হয়েছে। বোর্ড থেকে ওই ১০০ জন পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং বোর্ড আশ্বস্ত করেছে যে তাদের খাতা ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী নমনীয়ভাবে মূল্যায়ন করা হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222