নিজস্ব প্রতিবেদক:: দেশের বাজারে বিক্রি হওয়া অধিকাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে সরকার জনগণের স্বার্থে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
দেশের বাজারে বিক্রি হওয়া বেশির ভাগ টুথপেস্টেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এ ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, সরকার এই জননিরাপত্তার ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে দেখছে। কিন্তু মাইক্রোপ্লাস্টিক টুথপেস্ট তো বটেই, মানে এটা একটা বিরাট ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। আপনি ওই টুথপেস্ট ব্যবহার না করলেও বিভিন্ন জায়গা থেকে মাইক্রোপ্লাস্টিক তৈরি হচ্ছে, সেগুলো আসলে আমাদের খাবারে, আমাদের পানিতে ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, একটা সমন্বিত পদক্ষেপ লাগবে। একটা সমন্বিত পদক্ষেপ ছাড়া আসলে টুথপেস্ট বা অন্য সবকিছু মানে একটা জায়গায় ব্যবস্থা নিলেই হয়ে যাবে তা না। তবে যেহেতু এগুলো এই পরিমাণ দেখা গেছে, সরকারের সংস্থা আছে নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, আমরা এটা খেয়াল করছি যে জনগণের এখন হেলথ কনশাসনেস বাড়ছে, তারা এটা নিয়ে সামাজিক মাধ্যমে প্রচুর কথা বলেছেন। এবং একটা জনগণের ভোটে নির্বাচিত সরকার, জনগণের স্বার্থে পদক্ষেপ অবশ্যই নেবে।
উল্লেখ্য, পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) সম্প্রতি দেশের বাজারে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে। তাদের গবেষণায় ২৬টি নমুনায়, অর্থাৎ প্রায় ৭৬.৫ শতাংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। শিশুদের জন্য বাজারজাত কয়েকটি টুথপেস্টেও এই ক্ষুদ্র প্লাস্টিক কণা পাওয়া গেছে।
