নিজস্ব প্রতিবেদক:: দাওয়াতি কাজকে পৃথিবীর অন্যতম শক্তিশালী ও সুদূরপ্রসারী মাধ্যম উল্লেখ করে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হুসাইন রাজী বলেছেন, দাওয়াতের প্রভাব পরমাণু শক্তির (এটম পাওয়ার) চেয়েও বহুদূর বিস্তৃত। কারণ এটি মানুষের চিন্তা, বিশ্বাস ও দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনে এবং প্রতিপক্ষকেও নিজ আদর্শের পতাকাতলে নিয়ে আসতে সক্ষম।
শুক্রবার (১৪ আগস্ট) ইসলামী ছাত্র ফোরামের ২য় দাঈ সম্মেলন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক আলোচনায় এসব কথা বলেন তিনি।
মুফতি সাখাওয়াত হুসাইন রাজী বলেন, ইসলামের প্রচার ও প্রসার যেমন দাওয়াতের মাধ্যমে হয়েছে, তেমনি শয়তান ও তার অনুসারীরাও মতাদর্শ ছড়াতে ভিন্ন পন্থায় দাওয়াতি কাজ চালাচ্ছে। তাই যে পক্ষের দাওয়াত যত বেশি সুসংগঠিত, জ্ঞানভিত্তিক ও যুক্তিনির্ভর হবে, সমাজে তাদের ভাবাদর্শের অগ্রযাত্রাও তত বেশি শক্তিশালী হবে।
ছাত্রজীবনকে জ্ঞানার্জন ও চরিত্রগঠনের শ্রেষ্ঠ সময় উল্লেখ করে তিনি আরও বলেন, শক্তিশালী দাওয়াতি কার্যক্রমের জন্য সঠিক জ্ঞান, প্রশিক্ষণ ও আদর্শিক তারবিয়াত অপরিহার্য। সময়োপযোগী চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্রদের প্রস্তুত করতে ইসলামী ছাত্র ফোরামের এই সাহসী উদ্যোগ প্রশংসনীয়।
সম্মেলনের সফলতা কামনা করে দূরদর্শী ও চিন্তাশীল ছাত্রসমাজকে তালিম ও তারবিয়াতে নিজেদের সমৃদ্ধ করতে জুমার পর অনুষ্ঠিতব্য ২য় দাঈ সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
