মসজিদে জামাতে ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মো. ফারুক সরদার (৫৫) নামের এক মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় রুস্তম আলী মীর (৬৫) নামের আরও এক মুসল্লি গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) ভোর ছয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক সরদার দক্ষিণ বিজয়পুর গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ বিজয়পুর এলাকার একটি মসজিদে ফজরের নামাজ শেষে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ফারুক সরদার ও রুস্তম মীর। পথে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি অজ্ঞাত ইজিবাইক তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারুক সরদারকে মৃত ঘোষণা করেন।
গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম বলেন, ঘাতক ইজিবাইকটি শনাক্ত করার চেষ্টার পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
