শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সব পুকুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে পুকুরে নামা ও সাঁতার কাটা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের কোনো পুকুরে নামা, সাঁতার কাটা বা পানিতে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
এতে আরও বলা হয়, জারিকৃত নির্দেশনা অমান্য করে কেউ পুকুরে প্রবেশ বা নামলে তা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাপরিপন্থি আচরণ হিসেবে গণ্য হবে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রশাসনের এ নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৮ জুলাই চুয়েটের কবি নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে ডুবে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহার মৃত্যু হয়। এর মাত্র ১৫ দিনের মাথায় গতকাল (১২ আগস্ট) একই পুকুরে ডুবে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।
