ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে মাদরাসা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা, আহত ৩০

by hsnalmahmud@gmail.com

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য ও মাদরাসা শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

পুলিশ, মাদরাসা শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুসের ব্রাহ্মণবাড়িয়া সফর উপলক্ষে মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সের ভেতরে জেলা পুলিশের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিআইজি অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরও সেখানে মাইকে উচ্চস্বরে গান বাজানো চলতে থাকে।

পুলিশ লাইন্সের পাশেই অবস্থিত দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীদের বুধবার (১৯ আগস্ট) পরীক্ষা থাকায় শব্দের কারণে পড়াশোনায় বিঘ্ন ঘটে বলে অভিযোগ করেন তারা। পরে কয়েকজন শিক্ষার্থী পুলিশ লাইন্সে গিয়ে শব্দ কমানোর অনুরোধ জানান। এসময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটিও হয়।

একপর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ঢিল ছোড়ে। পরে ত্রিমুখী ধাওয়া-পাল্টাধাওয়ায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন।

দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীরা দাবি করেন, তারা শান্তিপূর্ণভাবে অনুরোধ জানাতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের ওপর চড়াও হয়ে লাঠিচার্জ করে। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বিচার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222